নিজস্ব প্রতিনিধি: উত্তর ত্রিপুরার কদমতলা সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও বাংলাদেশে ফেরার চেষ্টার অভিযোগে ৩ জন বাংলাদেশি নাগরিক এবং ১ জন ভারতীয় অটোচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। কদমতলা থানায় অভিবাসন ও বিদেশী আইন, ২০২৫-এর ধারা ২১/২৩(ক)-এর অধীনে মামলা রুজু করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জুন রানিবাড়ি বিএসএফ বিওপি সংলগ্ন সীমান্ত এলাকায় একটি অটো ই-রিকশায় থাকা ৩ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিক ও চালককে বিএসএফ আটক করে। জিজ্ঞাসাবাদে ওই তিনজন নিজেদের বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেন এবং বৈধ নথি ছাড়া ভারতে প্রবেশের পর পুনরায় অবৈধভাবে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন বলে জানান।তদন্তে ধৃতদের একজন সোহেল মিয়া জানায়, প্রায় তিন মাস আগে স্থানীয় কয়েকজনের সহায়তায় সে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং পেচরথাল থানার অন্তর্গত শান্তিপুর এলাকায় বসবাস করছিল। পরে অটোচালক মানিক রায়ের সহায়তায় তারা বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল।পুলিশ মামলার তদন্তে বিভিন্ন সাক্ষীর বয়ান রেকর্ড করেছে এবং ধৃতদের কাছ থেকে দুটি মোবাইল ফোনসহ কয়েকটি সামগ্রী জব্দ করেছে। তদন্তের স্বার্থে পুলিশ আদালতের কাছে বিএনএস ২০২৩-এর ধারা ২৪৯ সংযোজন এবং অভিযুক্তদের ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুরের আবেদন জানিয়েছে।