নিজস্ব প্রতিনিধি...ধলাই জেলার আমবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত গুরুধন পাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের উদ্যোগে সম্প্রতি তিলক কুমার পাড়ায় একটি বিশেষ ম্যালেরিয়া স্বাস্থ্য শিবির এবং স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি আয়োজিত হয়। বর্ষা মরশুমের শুরুতে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই শিবিরে তিলক কুমার পাড়া ও তার পার্শ্ববর্তী এলাকার মোট ৩০ জন গ্রামবাসী উপস্থিত হয়ে সরাসরি বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। শিবিরে আসা প্রতিটি নাগরিকের স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি তাদের বিভিন্ন প্রয়োজনীয় ওষুধপত্রও সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়। গ্রীষ্ম ও বর্ষার এই সন্ধিক্ষণে ম্যালেরিয়ার প্রকোপ রোধ করতে এই শিবিরে আগত সমস্ত সন্দেহভাজন রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করে ম্যালেরিয়ার স্ক্রিনিং (পরীক্ষা) করা হয়। এর পাশাপাশি, বর্তমান সময়ে সাধারণ মানুষের মধ্যে বাড়তে থাকা অসংক্রামক রোগ যেমন-উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস বা বহুমূত্র রোগেরও বিশেষ পরীক্ষা করা হয়। চিকিৎসা ও পরীক্ষার পাশাপাশি এই শিবিরের একটি অন্যতম বিষয় ছিল জনসচেতনতা বৃদ্ধি। গুরুধন পাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের স্বাস্থ্যকর্মীরা গ্রামবাসীদের ম্যালেরিয়া প্রতিরোধের উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। মশাবাহিত রোগ থেকে বাঁচতে রাতে ও দিনে ঘুমানোর সময় বাধ্যতামূলকভাবে মশারি ব্যবহার করা, বাড়ির আশেপাশে কোথাও জল জমতে না দেওয়া এবং জ্বর হলে কোনো রকম অবহেলা না করে অবিলম্বে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। এছাড়াও, দৈনন্দিন জীবনযাত্রার পরিবর্তন ঘটিয়ে কীভাবে অসংক্রামক রোগগুলি নিয়ন্ত্রণে রাখা যায়, সেই বিষয়েও স্বাস্থ্য কর্মীরা গ্রামবাসীদের পরামর্শ দেন। ধলাই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।