নিজস্ব প্রতিনিধি: পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডঃ বিশাল কুমার ও পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার নমিত পাঠক ও পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে বটতলা বাজারে মদ বিরোধী অভিযান করা হয় সোমবার সন্ধ্যা রাতে। অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ মদ ধ্বংস করে দেওয়া হয়। রাজধানী আগরতলা শহরের বটতলা বাজারে বিলেতি মদের পাশাপাশি দেশি মদের রমরমা চলেছে। তাতে বাজার এলাকার পরিবেশ কলুষিত হচ্ছে। বাজারের ব্যবসায়ী সহ অনেকেই এ ব্যাপারে প্রতিবাদী হয়ে উঠেছেন। অভিযোগ পুলিশের জ্ঞাতসারেই এ ধরনের ব্যবসা দীর্ঘদিন ধরে চলেছে। সে কারণেই জেলাশাসক এবং জেলা পুলিশ সুপার স্বয়ং মদ বিরোধী অভিযানে সামিল হন। অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পেয়েছেন তারা। রাজ্য সরকার রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার অঙ্গীকার গ্রহণ করেছে। সে ক্ষেত্রে রাজধানীর বাজার গুলিতে এ ধরনের কার্যকলাপ কোনভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলাশাসক এবং জেলা পুলিশ সুপার জানিয়েছেন।