নিজস্ব প্রতিনিধি:.....আগরতলা শহরের বুকে আবারও অবৈধ কার্যকলাপের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। অভিযোগ, উষা বাজার সংলগ্ন হোটেল বিজয় প্যালেসে দীর্ঘদিন ধরেই চলছে অসামাজিক ও অবৈধ কার্যকলাপ। গোপন সূত্রে খবর পেয়ে আজ পূর্ব আগরতলা থানার বিশাল পুলিশ বাহিনী হানা দেয় ওই হোটেলে।তবে পুরো ঘটনাকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। কারণ সাংবাদিক মহলে খবর পৌঁছে যায় পুলিশের অভিযানের প্রায় এক ঘণ্টা আগেই। অথচ নির্ধারিত সময় পেরিয়ে দেড় ঘণ্টা পরে পুলিশের দেখা মেলে হোটেলে।অভিযোগ, পুলিশ হোটেলে পৌঁছানোর আগেই হোটেল কর্তৃপক্ষ সবকিছু গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়ে যায়। এমনকি প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশ গাড়ি থেকে নামতেই হোটেল মালিকের সঙ্গে ছিল অত্যন্ত ঘনিষ্ঠ আচরণ ও কথোপকথন। এরপরই শুরু হয় তথাকথিত “তল্লাশি অভিযান”।যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হলেও “তেমন কিছু পাওয়া যায়নি”। তবে প্রশ্ন উঠছে—যদি অবৈধ কার্যকলাপের নির্দিষ্ট অভিযোগ থেকেই থাকে, তাহলে কেন পুরো হোটেল তল্লাশি করা হলো না? কেন শুধুমাত্র রেজিস্টারভুক্ত কয়েকটি রুম চেক করেই বেরিয়ে গেল পুলিশ?শহরের বিভিন্ন মহলে দীর্ঘদিন ধরেই গুঞ্জন, রাত বাড়লেই এই হোটেলকে ঘিরে গড়ে ওঠে মধুচক্রের আসর। শুধু বিজয় প্যালেস নয়, উষা বাজার সংলগ্ন আরও কয়েকটি হোটেল নিয়েও উঠছে গুরুতর অভিযোগ।এখন দেখার, এই ঘটনায় শুধুই কি “নাটকীয় হানা” দেখিয়ে দায় সারবে পুলিশ? নাকি সত্যিই সামনে আসবে পুরো চক্রের আসল চেহারা?