নিজস্ব প্রতিনিধি:....উত্তর ত্রিপুর জেলার পানিসাগর রামনগর ৫ নম্বর ওয়ার্ডে মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে টাকা চুরির এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। গত কয়েকদিন ধরে স্থানীয় দুই ব্যক্তির মোবাইল থেকে কৌশলে টাকা গায়েব করার অভিযোগে সুনীল নুনিয়া নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী ও এলাকাবাসীর অভিযোগ, চুরির টাকা উদ্ধার করতে গিয়ে আজ সকালে অভিযুক্তকে হাতেনাতে ধরে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, রামনগর এলাকার বাসিন্দা প্রিয়রঞ্জন মালাকার ও সমীরণ মালাকার নামের দুই ব্যক্তির মোবাইল থেকে গত কয়েকদিন ধরে ধাপে ধাপে টাকা চুরি হচ্ছিল। ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট চেক করার পর তারা জানতে পারেন যে, তাদের না জানিয়েই অ্যাকাউন্ট থেকে ডিজিটাল মাধ্যমে টাকা ট্রান্সফার করে নেওয়া হয়েছে।কাউকে সন্দেহ করতে না পারায় ভুক্তভোগীরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেন এবং একপর্যায়ে একই এলাকার সুনীল নুনিয়া নামের ওই যুবকের ওপর তাদের সন্দেহ হয়। আজ রবিবার (২৪ মে) সকাল আনুমানিক ৯টা নাগাদ অভিযুক্ত সুনীলকে এলাকায় পেয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে চুরির কথা স্বীকার করে। এরপর উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।এলাকাবাসীর অভিযোগ, সুনীল নুনিয়া একজন পেশাদার চোর। এর আগেও প্রায় দেড় মাস আগে সে একটি বাইক চুরি করতে গিয়ে গ্রামবাসীর হাতে ধরা পড়েছিল। শুধু তাই নয়, তার বিরুদ্ধে এলাকায় একাধিক চুরির অভিযোগ রয়েছে।স্থানীয়রা আরও জানান, সুনীল তার মামা রাজ নুনিয়ার বাড়িতে আশ্রয় নিয়ে থাকত। পুলিশ এবং স্থানীয়রা তার মামাকে এর আগে সতর্ক করে সুনীলকে আশ্রয় না দেওয়ার জন্য বললেও, তার মামা তাকে নিজের বাড়িতেই রাখতেন। আর এই সুযোগেই সে একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল।বর্তমানে অভিযুক্ত সুনীল নুনিয়া পুলিশি হেফাজতে রয়েছে এবং পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। চুরি হওয়া টাকা উদ্ধার এবং এই ঘটনার পেছনে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। .